সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৭:৩৯ পিএম
জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা হারে বৃদ্ধির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে বিআরটিএ কর্মকর্তা, বাস মালিক ও পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।
প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, দূরপাল্লার বাসে বিদ্যমান প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বিদ্যমান ২ টাকা ৫৩ পয়সার পরিবর্তে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ এলাকার আওতাধীন রুটে চলাচলকারী মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার সুপারিশ করেছে মালিক সমিতি।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিচালন ব্যয় সমন্বয়ের লক্ষ্যে এই প্রস্তাব তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকে যাচাই-বাছাই শেষে আগামী দুই-একদিনের মধ্যে নতুন ভাড়ার চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন