মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
জাতিসংঘ সাধারণ পরিষদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৫১ এএম

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দর প্রাঙ্গণে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে স্লোগান দেন। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা নিয়ে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। একই সময়ে বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

নিউইয়র্কে ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। সকালে জাতিসংঘ মহাসচিবের আয়োজনে সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশে যোগ দেবেন তিনি। এরপর উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন। ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সাথে প্রাতঃরাশ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে এবং স্পেন আয়োজিত বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা বিষয়ক সভায় তিনি বক্তব্য রাখবেন। বিকেলে অংশ নেবেন ক্লাইমেট অ্যাকশন শীর্ষক উচ্চ পর্যায়ের সভায়। এদিন রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইবেন তিনি। ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলা বিষয়ক সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও প্রযুক্তি হস্তান্তরের দাবি তুলে ধরা হবে। একই দিন বিকেলে সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন তিনি। এছাড়া মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক আরেকটি সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। কুয়েতের যুবরাজ, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

এর পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, মিয়ানমার বিষয়ক বিশেষ দূত, শরণার্থী ও মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সূচি রয়েছে।

অর্থনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ওয়াল স্ট্রিট ও মেটাসহ আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সাথে বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।