সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

তেঁতুলিয়ায় গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আবু সালেহ মোঃ রায়হান

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৬:২১ পিএম

তেঁতুলিয়ায় গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

দিনাজপুর টিভি প্রতীকী ছবি।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সাপের কামড়ে হিমেল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হিমেল ওই এলাকার তমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নামাজ শেষে বাড়ির পাশে বাঁধা গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন হিমেল। ওই সময় ঘাসের ভেতর থাকা একটি বিষধর সাপ তার পায়ে বা শরীরে ছোবল দেয়। সাপের কামড় খেয়ে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন এবং আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। স্বজনেরা দ্রুত তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাপের কামড়ে যুবকের প্রাণহানির ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।