মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
হলের শৃঙ্খলাভঙ্গ

রুয়েটে মাদকসেবনের দায়ে ৪ শিক্ষার্থীর সিট বাতিল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৯:০৭ পিএম

রুয়েটে মাদকসেবনের দায়ে ৪ শিক্ষার্থীর সিট বাতিল

মাদকসেবনের সুস্পষ্ট প্রমাণ মেলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম এই শাস্তিমূলক সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে তাদের সিট ছাড়ার নির্দেশ জারি হয়েছে। বহিষ্কৃত চার শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তাদের মধ্যে দুজন ২১ সিরিজের এবং দুজন ২২ সিরিজের শিক্ষার্থী। তারা সবাই লেফটেন্যান্ট শহীদ সেলিম হলে অবস্থান করছিলেন। হল প্রশাসনের তল্লাশি অভিযানের তদন্ত প্রতিবেদন, জব্দকৃত আলামত ও অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ পর্যালোচনা শেষে আবাসিক হলের শৃঙ্খলা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশের ৪ ও ৬ ধারা অনুযায়ী এই শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর করা হয়। আদেশে বলা হয়েছে, নোটিশ জারির তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের হল ত্যাগ করতে হবে। ঘটনার সামগ্রিক গুরুত্ব বিবেচনায় পরবর্তী আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছে।

এর আগে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর রাতে লেফটেন্যান্ট শহীদ সেলিম হলে আকস্মিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ছাত্রকল্যাণ দপ্তর। নির্দিষ্ট কক্ষে মাদকসেবনের অভিযোগের ভিত্তিতে ওই তল্লাশি চালানো হয়। অভিযানের সময় কক্ষে কেউ উপস্থিত ছিল না এবং দৃশ্যমান কোনো মাদক উদ্ধার না হলেও ভেতরে গাঁজা সেবনের স্পষ্ট আলামত পাওয়া যায়। অভিযান টের পেয়ে অবস্থানকারীরা আগেই কক্ষ ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

পরে হলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। এরপর তাদের ছাত্রকল্যাণ দপ্তরে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক পর্যায়ে ছয়জন শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য উঠে এলেও পরবর্তী তদন্ত ও যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে চারজনের বিরুদ্ধে আবাসিকতা বাতিল ও হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।