মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
নদ-নদীর পানি বৃদ্ধি

তিস্তা ও সুরমা-কুশিয়ারার পানি বাড়ার পূর্বাভাস

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৯:১২ পিএম

তিস্তা ও সুরমা-কুশিয়ারার পানি বাড়ার পূর্বাভাস

বৃষ্টিপাত বেড়ে আগামী কয়েক দিনের মধ্যে দেশের বন্যাপ্রবণ তিস্তা, কুশিয়ারা ও সুরমা নদীর পানি বাড়তে পারে। মঙ্গলবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

উজানে ভারি বর্ষণের পূর্বাভাস মিলেছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও সংলগ্ন উজানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।  দেশের অন্যান্য নদ-নদীর পরিস্থিতির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পেয়েছে এবং আগামী পাঁচ দিন তা স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে যমুনা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে, যা আগামী এক দিন হ্রাস পেতে পারে এবং পরবর্তী চার দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। গঙ্গা নদীর পানি কমেছে এবং পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে, তবে আগামী পাঁচ দিন পদ্মার পানি হ্রাস পেতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে। এই হ্রাস পাওয়ার প্রবণতা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে, তবে তৃতীয় দিন থেকে নদী দুটির পানি পুনরায় বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

উত্তরাঞ্চলের পরিস্থিতি তুলে ধরে পূর্বাভাসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি হ্রাস পেয়েছে। এর মধ্যে তিস্তা নদীর পানি আগামী এক দিন আরও কিছুটা কমতে পারে, তবে পরবর্তী দুই দিনে তা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।