সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:৩০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে মারা গেছেন। এই ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পেজে শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে দেওয়া ওই পোস্টে শফিকুর রহমান লেখেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনাকালীন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।"
তিনি আরও লেখেন, "আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তায়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন।"
শিক্ষিকার মৃত্যুর বিষয়ে আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন জানান, সকালে তিনি জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন