সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তারেক মনোয়ারের বিষয়ে জামায়াতের বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:৪৫ পিএম

তারেক মনোয়ারের বিষয়ে জামায়াতের বার্তা

ছবি - সংগৃহীত

ইসলামি বক্তা তারেক মনোয়ারের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে পরিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, তারেক মনোয়ারের বক্তব্য সম্পূর্ণ ‘তার নিজস্ব’, এবং এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা ‘দুঃখজনক ও অনভিপ্রেত’।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।বিবৃতিতে তিনি বলেন, “কয়েক দিন আগে সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেজামির আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন মাওলানা তারেক মনোয়ার।

ওই বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।” তিনি আরও উল্লেখ করেন, তারেক মনোয়ার ইতোমধ্যে ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।এহসানুল মাহবুব জামায়াতের অবস্থান তুলে ধরে বলেন, “জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল।

আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।”

উল্লেখ্য, সম্প্রতি সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তারেক মনোয়ার দরসে নেজামির আলেমদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার দাবি জানান। তার এই মন্তব্য নিয়ে কওমি অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। জামায়াতের এই বক্তার নানা ধরনের বেফাঁস বক্তব্য এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিয়েছে।