অক্টোবর ২, ২০২৫, ১০:২১ এএম
বেসরকারি ইউনাইটেড হাসপাতালের একটি বিজ্ঞাপন প্রচারের পর সেই হাসপাতালের কার্ডিয়াক সেন্টারের প্রধান পরামর্শক ও পরিচালক অধ্যাপক ডা. মহসীন আহমেদকে ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। এই হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক গত বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি দাবি করে রাজনৈতিক আলোচনায় এসেছিলেন।
ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের বিজ্ঞাপনটি গত সোমবার প্রকাশ হওয়ার পরই এই বিষয়টি সামনে আসে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে করা এক পোস্টে ডা. মহসীন আহমেদ দাবি করেছিলেন, দেশের শান্তির স্বার্থে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। তাঁর এই বক্তব্য তখন তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছিল।
ওই চিকিৎসক তাঁর পোস্টে লিখেছিলেন: "হাইব্রিডে ভরে গেছে সরকারি দল। এর প্রধানতম কারণ দেশে শক্তিশালী বিরোধী দল নেই। ছায়া সরকার হিসেবে বিএনপিকে কার্যকর ভূমিকা রাখতে হলে তারেক জিয়াকে মাইনাস করে দেশপ্রেমিক নতুন নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে।" তিনি আরও মন্তব্য করেন যে, ২১ আগস্ট বা ১৯ জুলাইয়ের মতো হত্যা ও ধ্বংসের রাজনীতি দিয়ে ক্ষমতায় আসা যায় না।
ডা. মহসীন এই পোস্টটি গত বছর জুলাই বিপ্লব চলাকালীন ২৭ জুলাই রাত ৮টা ১৫ মিনিটে দিয়েছিলেন। এর আগে ১৮ জুলাই তিনি আরেকটি পোস্টে কোমলমতি ছাত্রছাত্রীদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য ব্যবহার না করার অনুরোধ করেন এবং দাবি করেন, 'এ মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই।'
তারেক রহমানের বিচার চাওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে ডা. মহসীন আহমেদ বিষয়টি অস্বীকার করেন। তিনি নিজেকে 'প্রফেশনাল মানুষ' এবং 'চক্রান্তের শিকার' বলে দাবি করেন। তিনি বলেন, "আমার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ থেকে এ ধরনের পোস্ট আমি দিইনি। একজন আমার পেছনে লেগেছে, ব্যক্তিগত কারণে।"
তবে, 'আমার দেশ' পত্রিকা তথ্য বিশেষজ্ঞদের সহযোগিতায় পরীক্ষা করে দেখেছে যে, বিতর্কিত পোস্টগুলো ডা. মহসীন আহমেদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেই প্রকাশিত হয়েছিল।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন