অক্টোবর ২, ২০২৫, ১২:৪৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা জানান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
হুমায়ুন কবিরের মন্তব্য পরিষ্কার: তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং তাঁর দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি আরও বলেন যে, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন হবে।
এর পাশাপাশি, নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর হামলার ঘটনার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে যে তারা সন্ত্রাসী সংগঠন।এদিকে, জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের নানামুখী টানাপোড়েনের মধ্যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন আবারও লন্ডন সফরে গেছেন।
বুধবার (০১ অক্টোবর) সকালে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।যদিও ট্রেসির সফরসঙ্গী হিসেবে তাঁর স্বামী ডেভিড বাফ রয়েছেন, তবুও এই সফরকে নিছক ব্যক্তিগত বলে মানতে নারাজ ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহল। তিন মাসেরও কম সময়ের মধ্যে ট্রেসির দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্য সফর নিয়ে নানামুখী গুঞ্জন ভাসছে।
নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, ট্রেসির যুক্তরাজ্য সফরের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এই সফরে তাঁর সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডন সফরে গিয়ে ট্রেসি প্রথম দফায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। সে সময় সেই বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল বলে হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানিয়েছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন