সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি: সেলিম ভূঁইয়া

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০২:১৪ পিএম

ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি: সেলিম ভূঁইয়া

ছবি - সংগৃহীত

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিতে পারেনি। তার দাবি, বিএনপি সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করবে।

শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সেলিম ভূঁইয়া দৃঢ়তার সঙ্গে বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ড্যাবের সভাপতি ও জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম মতলবকে একটি মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন, যদি তিনি সুযোগ পান এবং দল থেকে মনোনয়ন দেওয়া হয়, তবে নির্বাচিত হয়ে মতলবের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনবেন।

ডা. শামীম মতলববাসীকে একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী উল্লেখ করে বলেন, "এখানে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না।" তিনি নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসন বা দলকে জানাতে হবে। বিএনপি কখনোই চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে আপস করবে না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার জাকির হোসেন প্রমুখ।