অক্টোবর ৪, ২০২৫, ০২:৫১ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল 'ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়'। বরং তিনি 'একটা ঐক্যবদ্ধ জাতি' দেখতে চান।শনিবার (০৪ অক্টোবর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।জামায়াত আমির বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে বলেন,
"বাংলাদেশ জাতি হিসেবে এখানে আমরা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান দশকের পর দশক বসবাস করে আসছি। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, সেখানে বাংলাদেশ বিশেষ স্থানে।"তিনি বলেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান হলেও, তার দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়।
তিনি মানুষের ধর্ম নির্বাচনের স্বাধীনতা নিয়ে বলেন, "মানুষের সামনে বিভিন্ন ধর্ম ও মত রয়েছে। আল্লাহ মানুষকে বিচার-বিবেচনা ও বিবেক দান করেছেন। সেই বিবেক দিয়েই মানুষ নিজের জন্য ধর্ম নির্বাচন করবে।"ডা. শফিকুর রহমান এই সম্মেলনে দাঈদের (ধর্মীয় আহ্বায়ক) দায়িত্ব স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, দাঈদের কর্তব্য হলো আল কোরআনকে জীবনে বাস্তবায়ন করা এবং মুহাম্মদ (সা.)-এর দাওয়াত ও কর্মপদ্ধতি অনুসরণ করা।
তিনি বলেন, দাঈরা যেন মানুষকে সত্য ও সুন্দর সমাজ গঠনে অনুপ্রাণিত করেন এবং কল্যাণকামী হতে উদ্বুদ্ধ করেন, ঠিক যেমন রাসূলে কারীম (সা.) মানবজাতির প্রতি তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন