অক্টোবর ৭, ২০২৫, ০৫:২৮ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম বলেছেন, “আবরার ফাহাদের হত্যাকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে নির্যাতনের দীর্ঘদিনের চিত্র যেমন প্রকাশিত হয়েছে, তেমনি ভারতীয় আধিপত্যবাদ আমাদের দেশে কতটা গভীর শিকড় গেড়েছিল, তাও স্পষ্ট হয়েছিল।”মঙ্গলবার (৭ অক্টোবর) শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর ছাত্রশিবির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর টমছমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অডিটোরিয়ামে ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ ও ‘সিরাত পাঠ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।শিবির সভাপতি বলেন, “আবরার ফাহাদের এই শাহাদাতের মধ্য দিয়ে পুরো একটা প্রজন্ম জেগে উঠেছিল। তার আত্মত্যাগ আমাদের প্রজন্মের চোখ খুলে দিয়েছে। আমরা বিশ্বাস করি, অদূর ভবিষ্যতে ক্যাম্পাসে বা কোথাও কোনো ধরনের নিপীড়ন ও আধিপত্যবাদ আর বিরাজ করবে না।”
এ সময় তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, “আমরা লক্ষ্য করছি, ঢাকা’সহ বিভিন্ন জেলা শহরে তারা গোপনে ঝটিকা মিছিল করছে। আমরা জানতে পেরেছি, পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে তাদের পেছনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে এবং প্রশাসনের একটি গ্রুপকেও তারা ব্যবহার করার চেষ্টা করছে।” তিনি বলেন, যারা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম অনুশোচনা করেনি, তাদের নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।
তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে বলে সমালোচনা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই গণহত্যার বিচার দ্রুত শেষ করার জন্য জোর দাবি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন