সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষকদের জাতীয়করণের দাবি নিয়ে কী বললেন তারেক রহমান?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১১:৩০ পিএম

শিক্ষকদের জাতীয়করণের দাবি নিয়ে কী বললেন তারেক রহমান?

ছবি - সংগৃহীত

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আয়োজিত মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা অনুযায়ী তাদের দাবিগুলো পূরণের সর্বাত্মক চেষ্টা করবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’ আয়োজিত এই শিক্ষক-কর্মচারী মহাসমাবেশে সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক যোগ দেন।ভার্চুয়াল ভাষণে তারেক রহমান বলেন, “দেশকে সত্যিকারের এগিয়ে নিতে হলে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, আর সেই রাষ্ট্র নির্মাণের মূল চালিকাশক্তি হলো শিক্ষক সমাজ। শিক্ষক সমাজ দুর্বল হলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়।” তিনি বলেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষকদের সকল দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত পোষণ করে তিনি বলেন, “শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না করতে পারলে স্বপ্নের বাংলাদেশ কোনো দিন বাস্তবায়িত হবে না।”

তারেক রহমান সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ‘দুর্নীতিবিরোধী বিপ্লব’ শুরুর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে শিক্ষক সমাজের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।উল্লেখ্য, সমাবেশে শিক্ষকরা চাকরি জাতীয়করণ, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা চালু, অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ এবং সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান।