অক্টোবর ৮, ২০২৫, ১০:২১ এএম
বহুল আলোচিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পদ্ধতি হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলটি মনে করে, এতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং একই আয়োজনে দুটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
সোমবার (৬ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি স্থায়ী কমিটিকে অবহিত করা হয়। এরপরই গণভোটের প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নীতিনির্ধারকরা সর্বসম্মতভাবে এর অনুমোদন দেন।
বিএনপি মনে করে, সরকার একটি অধ্যাদেশ জারি করে অথবা জনপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী এনে গণভোট পরিচালনার ক্ষমতা নির্বাচন কমিশনকে দিতে পারে। এতে একই খরচে ও ব্যবস্থাপনায় জনগণ একবার ভোটকেন্দ্রে গিয়েই দুটি রায় প্রদান করতে পারবে।বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনের আগে গণভোট আয়োজনের যে দাবি জানানো হয়েছে, তা নিয়েও আলোচনা হয়।
বিএনপির স্থায়ী কমিটি মনে করে, নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট আয়োজন করলে তা নির্বাচন বিলম্বিত করার একটি অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে।এছাড়াও, বৈঠকে বিবিসি বাংলাকে দেওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের ভূয়সী প্রশংসা করা হয়। নেতারা বলেন, সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী বক্তব্য তুলে ধরেছেন, যা দলের অবস্থানকে আরও সুস্পষ্ট করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন