অক্টোবর ১২, ২০২৫, ০১:৪৫ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নামে যে আন্দোলন করা হচ্ছে, তা মূলত জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার একটি কৌশল। তিনি বলেন, “চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করে না।”
রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করছি। কিন্তু জনগণ এখন একটি নির্বাচন দেখতে চায়, যার মাধ্যমে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে।
১৪ মাসে রাতারাতি সব সংস্কার হয়ে যাবে, এটা জনগণ বিশ্বাস করে না।”তিনি বলেন, সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমেই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রে ফেরার জন্য এর কোনো বিকল্প পথ নেই।বিএনপি মহাসচিব আরও বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবিত বেশিরভাগ বিষয়ই বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
যে বিষয়গুলোতে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে যেতে পারে এবং পরবর্তী নির্বাচিত সংসদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।তার এই বক্তব্য জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মতো দলগুলোর অবস্থানের সম্পূর্ণ বিপরীত, যারা নির্বাচনের আগেই পিআর পদ্ধতি বাস্তবায়নের জন্য আন্দোলন করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন