অক্টোবর ১৮, ২০২৫, ০৮:১৭ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি সম্প্রতি মিরপুর ও চট্টগ্রাম ইপিজেডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডসহ সকল ঘটনার ‘পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত’ দাবি করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই উদ্বেগ ও দাবি জানান।তারেক রহমান তার পোস্টে লেখেন, “ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল এবং আমি আশা করি, সবাই নিরাপদে আছেন।”
তিনি এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সাহসিকতার সঙ্গে কাজ করার জন্য ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সদস্যদের প্রশংসা করেন।তবে, তিনি দেশের বিভিন্ন স্থানে বারবার আগুন লাগার ঘটনায় শঙ্কা প্রকাশ করেন। তিনি লেখেন, “সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা অপরিহার্য।”
উল্লেখ্য, আজ দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের রূপনগরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয় এবং বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় লাগা আগুন প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন