মোঃ মোমিনুল ইসলাম
অক্টোবর ১৯, ২০২৫, ০৬:১২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন তাদের প্রাপ্য শাপলা প্রতীক দিতে পারে না, তাদের অধীনে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। আজ রবিবার (১৯ অক্টোবর) দিনাজপুর শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার সমন্বয় সভায় তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম প্রশ্ন তোলেন, "কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক কোনো রাজনৈতিক দল বা এনসিপিকে বরাদ্দ দেওয়া যাবে না? আইনজ্ঞরা বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে আইনগত কোনো বাধা নেই।"
তিনি অভিযোগ করে বলেন, এনসিপি রাজনৈতিক দল হিসেবে আবেদন করার সময় শাপলা প্রতীক চেয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন বিগত কয়েক মাসে মার্কা লিস্টে তাদের প্রতীক বরাদ্দ করেনি। তিনি মনে করেন, এটি নির্বাচন কমিশনের দায়, দোষ ও খামখেয়ালিপনা। অথবা কারো প্রভাবে প্রভাবিত হয়ে তারা এই সৎ সাহস দেখাতে পারেননি।
সারজিস আলম দৃঢ়তা ব্যক্ত করে বলেন, "শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচন করব।" তিনি হুঁশিয়ারি দেন, তা না হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ করা উচিত। তার মতে, জুলাই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের নিশ্চয়তা থাকতে হবে।
দিনাজপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল আহাদ। সভা শেষে লিফলেট বিতরণ কর্মসূচি পালনের কথা রয়েছে।