অক্টোবর ২১, ২০২৫, ১২:৫৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়নে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় এবং প্রায় দেড় ঘণ্টা ধরে চলে।
বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রাশেদুল হক।
আইআরআই-এর প্রতিনিধি দলটি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্ববর্তী রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে। এরই অংশ হিসেবে তারা নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং জামায়াতে ইসলামীসহ বিভিন্ন প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ধারাবাহিক বৈঠক করছে।
আজকের বৈঠকে বিএনপি নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আইআরআই প্রতিনিধিদের কাছে তাদের দলের অবস্থান তুলে ধরেন বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন