রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তারেক রহমানের ফেরা নিয়ে যা জানালেন;সালাহউদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৬:২৮ পিএম

তারেক রহমানের ফেরা নিয়ে যা জানালেন;সালাহউদ্দিন

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংকালে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। একইসাথে তিনি জানান, দলের পক্ষ থেকে বড় জোট গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ হচ্ছে, তবে জোট গঠন এখনো নিশ্চিত হয়নি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। চলতি অক্টোবর মাসের মধ্যেই দলীয়ভাবে অন্তত ২০০ আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ বা সবুজ সংকেত দেওয়া হবে, যাতে তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারেন। তিনি নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়েও কথা বলেন। তিনি জানান, আরপিও সংশোধনের অনেক বিষয়ে বিএনপি সম্মত ছিল।

বিশেষ করে ২০/১ উপধারায় জোটবদ্ধ দলগুলোর অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করার যে সুযোগ রাখা হয়েছিল, তাতে বিএনপি আশ্বস্ত ছিল।তবে আরপিও যেভাবে পাস হয়েছে, তাতে ছোট দলগুলো বড় জোটে যুক্ত হতে নিরুৎসাহিত হবে বলে তিনি মনে করেন। তিনি অভিযোগ করেন, এতে ছোট দলের নেতারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারাবেন। তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আইন কেন একতরফাভাবে পাস করা হলো।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র এবং একটি শক্তিশালী সংসদ দেখতে চায়। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং জানান যে, এ বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে।ধারণা করা হচ্ছে, তারেক রহমান দেশে ফেরার পর গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন।

এই বাড়িটি ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর সরকার বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেয়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার এই বাড়ির নামজারি সম্পন্ন করে কাগজপত্র খালেদা জিয়ার কাছে হস্তান্তর করেছে। উল্লেখ্য, এর পাশের 'ফিরোজা' নামক বাড়িতেই খালেদা জিয়া বসবাস করেন। গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি দীর্ঘদিন ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের কাছে ভাড়া দেওয়া ছিল। চলতি বছরের শুরুতে তারা বাড়িটি ছেড়ে দেওয়ার পর বর্তমানে বাড়িটির ভেতরে ও বাইরে রং করাসহ প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে।