সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি : সারজিস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১১:৩০ পিএম

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি : সারজিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে দলের বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কথা জানান।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের গণতান্ত্রিক ধারায় ফেরার একটি বড় সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি মতভেদ থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।সারজিস আলম সাবেক ক্ষমতাসীনদের সমালোচনা করে বলেন, ‘আগামীর বাংলাদেশে জনগণ কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না। আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই।’

নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে তিনি 'শাপলা' প্রতীকের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিয়ে “শাপলা কলি” প্রতীক দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা। তবে তিনি নিশ্চিত করেন, ‘তবু আমরা শাপলা কলি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।’

তিনি ইসিকে হুঁশিয়ার করে বলেন, ভবিষ্যতেও যদি এ ধরনের আচরণ চলতে থাকে, তাহলে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট আরও গভীর হবে এবং ইসি যদি আগের মতো দলীয় কমিশনে পরিণত হয়, তবে তাদের পরিণতিও হবে পূর্বসূরিদের মতোই।