সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা কবে, জানালেন ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৯:৪৭ এএম

জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা কবে, জানালেন ডা. শফিকুর রহমান

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রায় ১৫ দিনের সফর শেষে মঙ্গলবার (০৪ নভেম্বর) ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী কয়েকদিনের মধ্যেই জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আসন্ন নির্বাচন নিয়ে জামায়াতের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপি সোমবার (৩ নভেম্বর) ২৩৭ জন প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষণা করেছে, অথচ জামায়াতে ইসলামী এক বছর আগেই তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছে।’ তিনি জানান, সেই তালিকাটিই এখন দ্রুত চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য নিয়ে জামায়াত আমির বলেন, দেশে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর উচিত দেশের স্বার্থকে সামনে রেখে দায়িত্বশীল আচরণ করা। তিনি বলেন, ‘ভিন্ন মত পোষণ করা গণতন্ত্রের অন্তর্ভুক্ত, তবে তা কখনো দ্বন্দ্ব বা সংঘাতে পরিণত হওয়া উচিত নয়।’

সফরকালে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এখনো নানা জটিলতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এই প্রেক্ষিতে ডা. শফিকুর রহমান নির্বাচন কমিশনের প্রতি ভোটার তালিকা হালনাগাদের নির্ধারিত সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান।

টানা তৃতীয় মেয়াদে আমির হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমির হিসেবে আমি নির্বাচিত হইনি, বরং আমার সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্ব অর্পণ করেছেন। বিদেশে যেখানেই গিয়েছি দেশ ও দেশের স্বার্থের কথা বলেছি এবং সব জায়গায় প্রশংসা পেয়েছি।’