সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপির মনোনয়ন পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ১০:২০ এএম

বিএনপির মনোনয়ন পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (০৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

ধানের শীষ নিয়ে নির্বাচন করতে যাওয়া এই প্রার্থীদের মধ্যে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মুখ হলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক।আমিনুল হক ঢাকা-১৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তিনি বর্তমানে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

খেলোয়াড়ি জীবনে আমিনুল হক ছিলেন বাংলাদেশের ফুটবলের গর্ব এবং দেশের ইতিহাসে সেরা গোলরক্ষকদের একজন। গোলবারের নিচে তার প্রতিটি ডাইভ ছিল দলের আস্থার প্রতীক। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালদ্বীপের বিপক্ষে টাইব্রেকারে তার অসাধারণ গোলরক্ষার কল্যাণেই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।

ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০১৩ সালে আমিনুল হক রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান করেন।বিএনপির এই তালিকায় ক্রীড়াঙ্গনের আরেক পরিচিত মুখ, সাবেক তারকা ফুটবলার ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদও রয়েছেন। তিনি ভোলা-৩ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।