সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ১১:৫৪ এএম

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন দলের আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। কারণ, ঘোষিত এই তালিকায় তার নাম ছিল না; তার আসনটি (ব্রাহ্মণবাড়িয়া-২) স্থগিত রাখা হয়েছে। এ নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে দলীয় মনোনয়ন না পাওয়ার গুঞ্জন প্রসঙ্গে কথা বলেন রুমিন ফারহানা।তিনি স্পষ্ট করে বলেন, তার মনোনয়ন বাতিল করা হয়নি, বরং এটি আপাতত ‘অন হোল্ড’  বা স্থগিত অবস্থায় রয়েছে। তিনি জানান, বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু রাজনৈতিক দলের সঙ্গে জোটগতভাবে আসন সমঝোতার কারণেই মোট ৬৩টি আসন এখনো ঘোষণা করা হয়নি। এর মধ্যে তার আসনটিও রয়েছে।

রুমিন ফারহানা বলেন, ‘দীর্ঘ ১২-১৫ বছর ধরে সুখে-দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে। তাই এখনো কিছু আসন ঝুলে আছে। দল ‘উইনেবল’ (জয়ী হওয়ার মতো) প্রার্থী খুঁজে দেখছে, সেই বিবেচনায়ই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

দলের কিছু নেতাকর্মী মনোনয়ন না পেয়ে বিভিন্ন স্থানে টায়ার পুড়িয়ে বা বিক্ষোভ করে যে প্রতিবাদ করছেন, সে প্রসঙ্গেও কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, ‘বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে। অনেক আসনেই ১০-১২ জন করে যোগ্য প্রার্থী থাকায় চূড়ান্ত মনোনয়ন দেওয়া একটি কঠিন কাজ।’ তিনি বলেন, নেতাকর্মীদের এই আবেগকে শ্রদ্ধা করা উচিত, মনোনয়ন না পেলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তবে তিনি আশা প্রকাশ করেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।

বিএনপির এই সাবেক সংসদ সদস্য আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বণ্টনের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে সবাইকে আগেই অবহিত করেছেন।তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘যে তালিকাটা করা হয়েছে, সেটা এখনো প্রাথমিক। সময়ের সঙ্গে সঙ্গে এই তালিকায় পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন। এ ছাড়া নির্বাচন কমিশন সংক্রান্ত কিছু আইনি জটিলতার কারণেও কয়েকটি আসনের মনোনয়ন স্থগিত রয়েছে।’