সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অন্য দলে যাওয়ার প্রশ্নে যা জানালেন রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৬:৪৮ পিএম

অন্য দলে যাওয়ার প্রশ্নে যা জানালেন রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর আলোচনার কেন্দ্রে এসেছেন দলের আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও, রুমিন ফারহানার আসনসহ ৬৩টি আসন স্থগিত বা ফাঁকা রাখে।এই তালিকায় রুমিন ফারহানার নাম না থাকায় সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। এ বিষয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) রুমিন ফারহানা বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তার অবস্থান স্পষ্ট করেছেন।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘৬৩টি আসনে এখনও মনোনয়ন ঘোষণা করা হয়নি গতকাল পর্যন্ত। আমার আসনটাও সেটা, যেখানে কাউকেই এখনো মনোনয়ন দেওয়া হয়নি।’ তিনি জানান, তার মনোনয়ন বাতিল হয়নি, বরং ‘অন হোল্ড’ (স্থগিত) অবস্থায় আছে।রুমিন ফারহানা বলেন, ‘ধারণা করা হচ্ছে বা মহাসচিবের কথা থেকে এটা কিছুটা পরিষ্কারও হয়েছে, যে আসনগুলোতে হয়তো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে, সেই আসনগুলো খালি রাখা হয়েছে। সো আমি এখনই আসলে বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আদৌ আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এটা আমি জানি না।

দলের প্রতি  (আনুগত্য) তুলে ধরে তিনি বলেন, ‘মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি ১৭ বছর। আমি দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি, সত্যের জন্য করেছি। আগামী দিনগুলোতেও আমি তাই করবো।’যারা ২৩৭টি আসনে মনোনয়ন পেয়েছেন, তাদের অভিনন্দন জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমি বিশ্বাস করি দলের সার্বিক দিক বিবেচনায় আসলে দল তার সিদ্ধান্ত নেয়। সেটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই। যারা নমিনেশন পেয়েছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আর আমার রাজনীতি তো আমার রাজনীতি, সেটা আমি আমার মতো করে করবো।’

মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি ‘আশাবাদীও নন, হতাশাবাদীও নন’ উল্লেখ করে বলেন, ‘আমার নির্বাচন, আমার রাজনীতি, আমি আমার মতো চালিয়ে যাবো ফর শিওর। আমার নেতা-কর্মী আমার সাথে আছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আমি ছিলাম, আছি থাকবো। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে।’দলীয় মনোনয়ন না পেলে বিএনপি ছেড়ে অন্য দলে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা সাফ জানিয়ে দেন, ‘প্রশ্নই ওঠে না। দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না।