সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ১১:০৮ পিএম

বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। তিনি দলটির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে তিনি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে সদস্যপদ গ্রহণ করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মীর স্নিগ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'-এর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তবে চলতি বছরের ৮ মে তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন। তখন তিনি উচ্চশিক্ষা গ্রহণের জন্য পদত্যাগ করছেন বলে জানালেও, অবশেষে রাজনীতিতে যোগ দিলেন।

স্নিগ্ধের বিএনপিতে যোগদানের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং তার পিতা মীর মোস্তাফিজুর রহমান।উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। আন্দোলন চলাকালে মুগ্ধের পানি বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।