সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জানা গেল এনসিপির প্রার্থী তালিকা প্রকাশের তারিখ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ১০:৩৯ পিএম

জানা গেল এনসিপির প্রার্থী তালিকা প্রকাশের তারিখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে। মনোনয়ন আবেদন ফরম বিক্রির এই কার্যক্রম আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মনোনয়ন আবেদন ফরম বিক্রি কার্যক্রম শেষ হওয়ার পর ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য ফরমের মূল্য ২ হাজার টাকা রাখা হয়েছে।আগামী নির্বাচনে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট হচ্ছে কিনা জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই সনদ, সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামায়াত যেই থাকে, তবে সেই যেকোনো একটি দলের সঙ্গে জোট হতে পারে।” তিনি জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে ৯ দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান।

নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। প্রার্থীরা কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি ফরম সংগ্রহ করতে পারবেন, অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। এছাড়া দুই মুখ্য সংগঠক এবং সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমেও প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ পাবেন।