বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দুই নারীর সাফল্য 

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ০৫:৫৩ পিএম

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দুই নারীর সাফল্য 

ছবি : সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ছাব্বিশতম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের চার প্রতিযোগী। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরব অর্জন করেছেন তাঁরা, যার মধ্যে রয়েছেন দুজন নারী প্রতিযোগীও। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে পবিত্র কোরআন মুখস্থ করা এবং সুর ও শুদ্ধতার সঙ্গে তিলাওয়াত করে তারা এই কৃতিত্ব দেখিয়েছেন।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশি নারী ও পুরুষ প্রতিযোগীরা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় বিশ্বের একশত তেত্রিশটি দেশের তিনশত চৌত্রিশ জন প্রতিযোগী অংশ নেন। বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার হিসেবে মোট এক কোটি সৌদি রিয়ালেরও বেশি অর্থ প্রদান করা হয়।

চতুর্থ বিভাগে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ নুরুউদ্দিন জাকারিয়া এবং একই বিভাগে নারীদের ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছেন রাবিতা বিনতে রমজান। এছাড়া নারীদের তৃতীয় বিভাগে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে তৃতীয় স্থান অর্জন করেছেন মাসফিরা বিনতে মাহমুদ এবং পুরুষদের একই বিভাগে তৃতীয় হয়েছেন শেখ মোহাম্মদ মাহমুদ আল–হাসান।

চতুর্থ বিভাগে প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ জাকারিয়া পুরস্কার হিসেবে দেড় লাখ সৌদি রিয়াল অর্জন করেছেন। অন্যদিকে, নারীদের তৃতীয় বিভাগে তৃতীয় স্থান অর্জন করে মাসফিরা বিনতে মাহমুদ এবং চতুর্থ বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী রাবিতা বিনতে রমজান যথাক্রমে এক লাখ ৮০ হাজার এবং এক লাখ ৩০ হাজার রিয়াল পুরস্কার লাভ করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এই কৃতি সন্তানদের সাফল্য দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে এবং ধর্মপ্রাণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।