অক্টোবর ১৯, ২০২৫, ০৫:৪৩ পিএম
উৎসবের মৌসুম মানেই মিষ্টিমুখের সমারোহ। সামনেই আলোর উৎসব দীপাবলি। এই বিশেষ দিনে বাইরের কেনা মিষ্টির বদলে, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় সুস্বাদু ও হালকা স্বাদের মিষ্টি। যারা স্বাস্থ্যসচেতনতার কারণে অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলেন, তাদের জন্যও ঘরে তৈরি এই মিষ্টিগুলো হতে পারে উৎসবের আনন্দের অংশ। আজ রইল দুটি সহজ পদের রেসিপি।
প্রথমেই তৈরি করতে পারেন বাদাম বরফি। এর জন্য প্রয়োজন ৫০০ গ্রাম বাদাম, পরিমাণ মতো কনডেন্সড মিল্ক, ১ কাপ ঘি এবং ৪টি এলাচ। প্রথমে বাদামগুলো প্রায় দুই ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর বাদামের খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে মসৃণ করে বেটে নিন। একটি কড়াইতে ঘি গরম করে তাতে বেটে রাখা বাদাম দিয়ে দিন এবং মাঝারি আঁচে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে সুগন্ধ বের হলে তাতে এলাচ গুঁড়ো দিন।
এরপর পরিমাণমতো কনডেন্সড মিল্ক যোগ করে অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি শুকিয়ে মণ্ড হয়ে কড়াই থেকে ছেড়ে আসে। হয়ে গেলে একটি থালা বা ট্রে-তে সামান্য ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে সমান করে ছড়িয়ে দিন। ঠান্ডা হলে পছন্দমতো বরফির আকারে কেটে পরিবেশন করুন।
তৈরি করতে পারেন জনপ্রিয় বেসনের লাড্ডু। এর জন্য লাগবে ১ কাপ বেসন, ১ কাপ কনডেন্সড মিল্ক, ১ কাপ ঘি, সামান্য এলাচের গুঁড়ো এবং অল্প পরিমাণে কুচি করে কাটা বাদাম। একটি নন-স্টিক প্যানে বেসন নিয়ে সম্পূর্ণ কম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিন। বেসনের কাঁচা গন্ধ চলে গিয়ে সুগন্ধ বের হলে তাতে বাদামের কুচি আর এলাচের গুঁড়ো দিয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে ঘি মিশিয়ে দিন।
ঘি গলে বেসনের সঙ্গে মিশে গেলে কনডেন্সড মিল্ক দিয়ে দিন। এবার খুন্তি দিয়ে ক্রমাগত নেড়ে ভালো করে মেশাতে হবে। মিশ্রণটি প্যান থেকে ছেড়ে ছেড়ে আসতে শুরু করলে এবং ওপর থেকে ঘি ভেসে উঠলেই বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে সামান্য ঠান্ডা করে নিন। হাতে অল্প ঘি মাখিয়ে গোল গোল করে লাড্ডুর আকারে গড়ে ফেলুন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন