আগস্ট ৩০, ২০২৬, ০৬:০৮ পিএম
তালের মৌসুম চলছে। এই সময়ে তালের পিঠা বা বড়া ছাড়া অনেকেরই দিন কাটে না। তবে আলাদা আলাদা আয়োজন না করে একটি মাত্র গোলা তৈরি করেই তালের তিন রকম রেসিপি বানানো সম্ভব। তালের বড়া, তালের ভাপা পিঠে ও পাতায় পোড়া পিঠে খুব সহজেই এই এক গোলা থেকে তৈরি করা যায়। পাকা তাল থেকে প্রথমেই পাল্প বের করে নিতে হবে।
দেড় কাপ তালের পাল্পের সঙ্গে এক কাপ আটা, অর্ধেকের চেয়ে একটু বেশি চালের গুঁড়া ও সমপরিমাণ নারকেল কোড়ানো মেশাতে হবে। এর সঙ্গে আধা কাপ সুজি, আধা কাপ চিনি ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে গোলা তৈরি করতে হবে। মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে।
কড়াইতে এক বাটি তাজা নারকেল কোড়ানোর সঙ্গে এক-তৃতীয়াংশ কাপ আখের গুড় মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিয়ে ভেতরের পুর বানাতে হবে। তালের ভাপা বা কোন পিঠে তৈরির জন্য কাঁঠাল পাতা কোণের মতো পেঁচিয়ে নিতে হবে। ভেতরে প্রথমে তালের গোলা, তারপর নারকেলের পুর এবং শেষে আবার গোলা দিয়ে মুখ বন্ধ করে ১০ মিনিট ভাপে সেদ্ধ করতে হবে।
পাতায় পোড়া পিঠের জন্য কলাপাতায় সামান্য ঘি মাখিয়ে নেওয়া প্রয়োজন। এর ওপর দুই চা-চামচ তালের গোলা ছড়িয়ে মাঝখানে নারকেলের পুর দিয়ে পাতাটি ভাঁজ করতে হবে। এরপর মাঝারি আঁচে ফ্রাইপ্যানে আট থেকে দশ মিনিট এপিঠ-ওপিঠ সেঁকে নিলেই তৈরি হবে পাতায় পোড়া পিঠে। অন্যদিকে, কড়াইতে তেল গরম করে অল্প আঁচে ছোট ছোট আকারে গোলা ছেড়ে সোনালি রং আসা পর্যন্ত ভাজলেই মুচমুচে তালের বড়া পরিবেশনের জন্য প্রস্তুত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন