বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যে তারিখে জন্ম সে তারিখে বিয়ে করলে কি ক্ষতি হয়? যা বলছেন বিশেষজ্ঞ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৩:৩৪ পিএম

যে তারিখে জন্ম সে তারিখে বিয়ে করলে কি ক্ষতি হয়? যা বলছেন বিশেষজ্ঞ

বিয়ে হচ্ছে মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যা মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। মানব ইতিহাসের শুরু থেকেই বিয়ের বিধান চলে আসছে এবং ইসলামে একে খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে।

নবী করিম (সা.) স্পষ্টভাবে বলেছেন, যার বিয়ের সামর্থ্য আছে, তার উচিত দেরি না করে বিয়ে করা, কারণ বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে।

এই হাদিস থেকে স্পষ্টতই বোঝা যায়, বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো তারিখ, দিন বা মাস ঠিক করে দেওয়া হয়নি; বরং সামর্থ্য হলে দ্রুত বিয়ে করে নেওয়াটাই উত্তম।

কিন্তু আমাদের সমাজে কিছু লোক একটি ভুল বার্তা ছড়িয়ে মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বিব্রত করেন। তারা দাবি করেন, বর কিংবা কনের জন্মদিবসে বিয়ে করা যাবে না। তাদের ধারণা, জন্মদিনে বিয়ে করলে দাম্পত্যজীবন অশুভ বা অকল্যাণকর হয়। অনেকে আবার মহররম মাসে বিয়ে করাকেও ভুল মনে করেন। তবে ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার এই বিষয়ে আলোকপাত করে বলেছে, এই ধরনের ধারণা বা চিন্তার কোনো অস্তিত্ব পবিত্র কোরআন বা হাদিসের কোথাও নেই। এটি মূলত সমাজে ছড়িয়ে পড়া একটি কুসংস্কার।

আলেমদের মতে, কোনো মুমিন এ জাতীয় বিশ্বাস রাখতে পারেন না, কারণ মুমিনের বিশ্বাস হচ্ছে কল্যাণ-অকল্যাণের মালিক একমাত্র আল্লাহতায়ালা।প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ তার লাইভ প্রশ্নোত্তর আলোচনায় বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি স্পষ্টভাবে জানান, বর-কনের জন্মদিনে বিয়ে করা যাবে না— শরিয়তে এই কথার কোনো ভিত্তি নেই। তার মতে, বছরের যেকোনো দিনই বিয়ে হতে পারে, এমনকি জন্মদিনেও বিয়ে হতে পারে, এতে কোনো ধরনের অসুবিধা নেই।

যারা মনে করেন জন্মদিনে বিয়ে হতে পারে না, এই চিন্তাটি একদম অনর্থক এবং এটি নিছক একটি কুসংস্কার। হাদিস শরিফে এ বিষয়ে কঠিন সতর্কবাণী এসেছে। সুনানে আবু দাউদের এক হাদিসে বলা হয়েছে, কুলক্ষণ বা কুসংস্কার গ্রহণ করা এক ধরনের শিরক বা অংশীদারিত্ববাদের সমান। তাই ইসলামী শরিয়তে এমন ভিত্তিহীন কুসংস্কার এড়িয়ে চলে সামর্থ্য হলে দ্রুত বিয়ে করাই কাম্য।