রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পূজা আজ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ১০:১০ এএম

বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পূজা আজ

অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানালোকের প্রার্থনায় আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সারাদেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

ভক্তদের বিশ্বাস, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক, যিনি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে মর্ত্যে আসেন।রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় কেন্দ্রীয় পূজার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। 

তবে প্রতিবারের মতো এবারও সরস্বতী পূজার প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল। হল প্রশাসনের কেন্দ্রীয় মণ্ডপসহ এবার রেকর্ড ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এই আরাধনায় মণ্ডপে মণ্ডপে চলছে পুষ্পাঞ্জলি প্রদান ও শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান। উৎসবকে কেন্দ্র করে জগন্নাথ হল চত্বরে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রাইড ও মেলার আয়োজন করা হয়েছে।নিরাপত্তার বিষয়ে হল প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। 

পুরো হল এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং উৎসবের পবিত্রতা রক্ষায় সব ধরনের পটকা ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। পূজা শেষে দুপুরে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কেবল ঢাকা নয়, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়েও বিদ্যাদেবীর এই আরাধনা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে অগণিত ভক্ত ও শিক্ষার্থীর সমাগম লক্ষ্য করা যাচ্ছে।