মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

পরকালে যাদের পক্ষে সুপারিশ করবে পবিত্র কোরআন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৪৮ এএম

পরকালে যাদের পক্ষে সুপারিশ করবে পবিত্র কোরআন

কিয়ামত দিবস মানুষের জীবনের এক ভয়াবহ ও কঠিন সময়। সেদিন পৃথিবীর সব পরিচিত সম্পর্ক ও পরিচয় মুছে যাবে। রাজা-প্রজা, ধনী-গরিব এবং ক্ষমতাবান নির্বিশেষে সবাই এক মহাময়দানে উপস্থিত হবে। দুনিয়ার কোনো সম্পদ, পদমর্যাদা বা আত্মীয়তার বন্ধন সেদিন কোনো উপকারে আসবে না, যদি না আল্লাহর রহমত মানুষের সঙ্গী হয়। 

পবিত্র কোরআনে বলা হয়েছে, সেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না, তবে সুস্থ অন্তর নিয়ে উপস্থিত ব্যক্তি ব্যতীত। কিয়ামতের সেই দিনে আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের জন্য বিভিন্ন সুপারিশের ব্যবস্থা করবেন। এর মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ একটি মাধ্যম হলো কোরআনুল কারিমের সুপারিশ। রাসুলুল্লাহ (সা.) স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন এটি তার সঙ্গীদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। 

দুটি উজ্জ্বল সুরা বাকারা ও আলে ইমরান পাঠের বিশেষ গুরুত্বও হাদিসে বর্ণিত হয়েছে। কোরআনের সঙ্গী হওয়ার অর্থ কেবল সুন্দর কণ্ঠে তিলাওয়াত করা নয়, বরং এর মর্মার্থ উপলব্ধি ও আমল করা। তিলাওয়াতের পাশাপাশি কোরআনের আয়াত নিয়ে চিন্তা-গবেষণা এবং জীবন পরিচালনায় এর নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। 

হাদিসে এসেছে, আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠের জন্যও রয়েছে বিশেষ পুরস্কার, এমনকি পাঠে কষ্ট হলেও দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। নিয়মিত কোরআন চর্চা মানুষের দুনিয়া ও আখেরাতের মর্যাদা বৃদ্ধি করে এবং জীবনকে সুশৃঙ্খল ও পরিশীলিত করে তোলে। কোরআনের সঙ্গে প্রতিদিনের সংযোগ স্থাপনের মাধ্যমেই মানুষ প্রকৃত সফলতা ও মুক্তি লাভ করতে পারে।