বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দোয়ার সময় এই মারাত্মক ভুল করছেন না তো? জেনে নিন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ১২:২৬ পিএম

দোয়ার সময় এই মারাত্মক ভুল করছেন না তো? জেনে নিন

ছবি - সংগৃহীত

আল্লাহ সর্বশক্তিমান এবং তাঁর দয়া অফুরন্ত। পৃথিবীর সব মালিকের থেকে তিনি ভিন্ন। তিনি চান, তাঁর গোলামরা যেন বেশি বেশি তাঁর কাছে চায়—যত চাওয়া হয়, তিনি তত বেশি খুশি হন। পবিত্র কুরআনে আল্লাহ নিজেই ইরশাদ করেছেন, "তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।" (সুরা মু’মিন, আয়াত ৬০)। হাদিসে নবীজি (সা.) বলেছেন, দোয়া সব ইবাদতের মূল।

কিন্তু নতচিত্তে আল্লাহর কাছে চাওয়ার সময় আমরা অজান্তেই একটা মারাত্মক ভুল করে ফেলি।দোয়া কবুলের কোনো নির্ধারিত মুহূর্ত নেই, বান্দা যখনই রবের দরবারে হাত পাতে, তিনি সাড়া দেন। তবে ভুলটা হয় চাওয়ার ধরনে। অনেকেই আছেন যারা দোয়ায় খুব নির্দিষ্টভাবে কোনোকিছুর নাম উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করেন। যেমন, "আল্লাহ, আমাকে এই নির্দিষ্ট চাকরিটা দেন", "আমাকে এই নির্দিষ্ট মেয়েটির সঙ্গে বিয়ে দিয়ে দেন", বা "আমাকে ওই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেন।"

এই 'নির্দিষ্ট' করে চাওয়ার বিষয়টি নিয়েই সতর্ক করেছেন প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ।তিনি বলেন:দোয়া করার সময় আল্লাহর কাছে আপনার চাওয়াকে একদম ফিক্সড করে ফেলবেন না।"এখানে মূলনীতিটা হলো কল্যাণ (خير)। আপনি যে জিনিসটিকে আপনার জন্য 'ফিক্সড' করে চাইছেন, আপনার সেই চাওয়াটি আসলে ভুল হতে পারে। কারণ, শান্তি কত টাকায় হবে, কীভাবে হবে, কোন পন্থায় হবে, সেটা একমাত্র আল্লাহই জানেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, এটি আদবের খেলাফ বা অসংগত। কারণ, মানুষের জ্ঞান সীমিত; তারা জানে না যে তাদের জন্য দীর্ঘমেয়াদে কোনটা ভালো হবে।নবীজি (সা.) সাহাবাদের দোয়া শিখিয়েছেন এভাবে: "আল্লাহ আমি আপনার কাছে উভয় জগতের শান্তি চাই।" (কুরআনও একই শিক্ষা দেয়।)

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি গল্পের উদাহরণ দেন: এক যুবক এমন জীবন চেয়েছিল যেখানে তার দুই হাত ভর্তি শুধু টাকা থাকবে এবং দুই পাশে শুধু নারী থাকবে। কিন্তু আল্লাহ তাকে একটি মহিলা কলেজের স্টাফ বাসের হেলপার বানিয়ে দিলেন। ফলস্বরূপ, তার হাতে টাকা আসত ঠিকই (ভাড়া বাবদ) এবং পাশে মহিলারাও থাকত (যাত্রী হিসেবে)। কিন্তু সে যা চেয়েছিল, তাতে তার কষ্ট ছাড়া কিছুই জুটল না।

কাজেই, দোয়ার সঠিক আদব হলো—চাওয়াটিকে সবসময় কল্যাণের মোড়কে পেশ করা।

  • আপনার প্রয়োজনটি আল্লাহর কাছে বলুন।

  • কিন্তু সেই প্রয়োজন পূরণের পদ্ধতি বা ফলাফলকে নিজের মতো করে 'ফিক্সড' না করে আল্লাহর জ্ঞানের ওপর ছেড়ে দিন।

এভাবে চাওয়ার মানে হলো—আপনি আপনার জন্য সবচেয়ে উত্তম যা, সেটাই আল্লাহর কাছে চাইছেন, যদিও আপনার সীমিত জ্ঞানে সেটা আপনি হয়তো চিহ্নিত করতে পারছেন না। এটাই হলো নতচিত্ত এবং অবনত মস্তকে রব্বেকা’বার কাছে চাওয়ার শ্রেষ্ঠ উপায়।