নভেম্বর ৮, ২০২৫, ০৪:০৬ পিএম
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ।
একতরফা ম্যাচটিতে বাংলাদেশ ৫৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। এই জয়ের ফলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে পা রেখেছে, যেখানে আগামীকাল তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান।টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে মাত্র ২ উইকেটে ১৪৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালান ওপেনার বেন ম্যাকডারমট, যিনি ৮ ছক্কায় ১৪ বলে ৫১ রানে রিটায়ার্ড হার্ট হন।
আরেক ওপেনার অ্যালেক্স ক্রস ৭ ছক্কা ও ১ চারে ১১ বলে ৫০ রান করেন। উইলিয়াম বশিস্টোও ৬ বলে ৩০ রান করেন।বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস ৫ উইকেটে ৯৫ রানে থেমে যায়। শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই একে একে ফিরে যান হাবিবুর, অধিনায়ক আকবর আলী ও জিসান আলম।
তবে শেষদিকে একাই লড়ে যান অলরাউন্ডার আবু হায়দার রনি। তিনি ৭ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ১০ বলে ২৫ রান করেন রাকিবুল। কিন্তু রানের পাহাড় টপকাতে পারেননি তারা।দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন