সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জানা গেল বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের তারিখ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ১২:১৩ পিএম

জানা গেল বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের তারিখ

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ লড়াই ভারত–পাকিস্তান ম্যাচের সময়সূচি এরই মধ্যে প্রকাশ পেয়ে গেছে, যা ক্রিকেট মহলে এখন থেকেই তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

২০২৬ সালের এই টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ–আয়োজক দেশ হলো শ্রীলঙ্কা। ভারতীয় বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই সিদ্ধান্ত নিয়েছিল, রাজনৈতিক কারণে দুই দেশের দ্বৈরথ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

সেই কারণেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতেই ম্যাচটি আয়োজনের সম্ভাবনা সবচেয়ে বেশি।ধারণা করা হচ্ছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। ভারত তাদের প্রথম ম্যাচ খেলতে পারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, তবে এটি উদ্বোধনী ম্যাচ হবে কিনা তা নিশ্চিত নয়।বিশ্বকাপের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অনুযায়ী, উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল—উভয়ই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

তবে এই ক্ষেত্রে একটি ব্যতিক্রমী শর্ত রাখা হয়েছে: যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তবে ফাইনাল ম্যাচটি সরিয়ে নেওয়া হবে কলম্বোতে। এছাড়া, মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি সেমিফাইনাল আয়োজনের প্রস্তুতি চলছে। অন্য সেমিফাইনালের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, কারণ পাকিস্তান দল তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে এবং তারা সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচটি ভারতে আয়োজন করা হবে না।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও আরব আমিরাত সহ মোট ২০টি দল অংশ নিচ্ছে। বিশ্বকাপের পূর্ণ সূচি আসার আগেই তাই ক্রিকেটবিশ্ব এখন ১৫ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে।