নভেম্বর ২৯, ২০২৫, ১০:২২ পিএম
চট্টগ্রামের আলো–হাওয়াকে যেন নতুন প্রাণ দিল শেষ ওভারের উত্তেজনা। ম্যাচজুড়ে দোলাচলে দুলতে থাকা লড়াই শেষ পর্যন্ত থিতু হলো বাংলাদেশের দিকেই। শেষ ওভারে মেহেদী হাসানের শান্ত ব্যাটে আসা বাউন্ডারি নিশ্চিত করল স্বস্তির জয়, আর সিরিজকে ঠেলে দিল সমতার মঞ্চে।
২ বল হাতে রেখে ৬ উইকেটে লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশ সিরিজে ১-১ সমতা ফেরাল। তৃতীয় টি–টোয়েন্টি এখন কার্যত হয়ে গেল 'ফাইনাল'।
১৭১ রানের তাড়া করতে নেমে শুরুটা হয়েছিল আগ্রাসী। তানজিদ দ্রুত রানআউট হলেও লিটন দাস ও পারভেজ হোসেন ইমন দাঁড়িয়ে যান দারুণ ছন্দে। পাওয়ার প্লেতে আসে ৬৬ রান। পারভেজ খেলেন ২৮ বলে ৪৩ রানের ঝলমলে ইনিংস।
লিটন দাস ৩৭ বলে ৫৭ রানের দায়িত্বশীল ইনিংসে দলকে এগিয়ে নেন, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তার ১৬তম ফিফটি। তবে ১৪০ রানে লিটন ও সাইফ হাসান (১৭ বলে ২২) বিদায় নিলে ম্যাচে আবার চাপ ফেরে।১৮তম ওভারে তাওহীদ হৃদয়ের রানআউটের পর ম্যাচ আবার ঢুকে পড়ে আয়ারল্যান্ড। নুরুল হাসানের আউটের পর তো হিসাব আরও জটিল—১০ বলে দরকার ছিল ১৪ রান।
ঠিক তখনই ম্যাচের নিয়ন্ত্রণ টেনে ধরেন মোহাম্মদ সাইফউদ্দিন। মার্ক অ্যাডাইরের করা ১৯তম ওভারের শেষ তিন বলে চার–ছক্কা—এক ওভারেই ১০ রান তুলে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। তাতে শেষ ওভারে প্রয়োজন পড়ে মাত্র ৩ রানের। জশ লিটলের করা ওভারে চতুর্থ বলে মেহেদী হাসানের স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারি নিশ্চিত করে বাংলাদেশের রোমাঞ্চকর জয়।
এর আগে ব্যাট হাতে আয়ারল্যান্ড ঝড়ো শুরু করলেও পাওয়ার প্লে-এর পরেই মেহেদী হাসানের শৃঙ্খলাপরায়ণ অফস্পিন থামিয়ে দেয় আইরিশদের গতি। তিনি টেক্টর ভাইদের পরপর বিদায় করে ম্যাচের মোড় বদলে দেন। তানজিম হাসান শক্তিশালী স্পেলে ৩ ওভারে দেন মাত্র ১৭ রান, নেন এক উইকেট।লোরকান টাকার ৩২ বলে ৪১ রান করে দলকে ১৭০ রানে পৌঁছে দিলেও শেষ দিকে বাংলাদেশের বোলারদের শৃঙ্খলা আয়ারল্যান্ডকে বড় স্কোর করতে দেয়নি। পরের ম্যাচে এই আত্মবিশ্বাসই হয়ে উঠতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন