সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফুটবল ও ক্রিকেট, দুই বিশ্বকাপেই খেলবে যেসব দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:৩৭ পিএম

ফুটবল ও ক্রিকেট, দুই বিশ্বকাপেই খেলবে যেসব দেশ

২০২৬ সালে খেলাধুলার জগতে এক বিরল মুহূর্ত তৈরি হতে যাচ্ছে। ওই বছর জুনে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ, যেখানে ৪৮টি দল অংশ নেবে। তবে তার ঠিক আগে, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট বিশ্বকাপ, যেখানে অংশ নেবে ২০টি দেশ।

খুব অল্প সময়ের ব্যবধানে এই দুটি বৈশ্বিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় দর্শকের মনে একটি স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে: কোন কোন দেশ এবারের ক্রিকেট ও ফুটবল—এই দুই বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করেছে? সেই সংখ্যাটা অবশ্য খুব বেশি নয়।

জানা গেছে, মাত্র ৭টি দেশ ২০২৬ ক্রিকেট এবং ফুটবল দুই বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করেছে। এই সাতটি দেশ হলো—দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

এই দেশগুলো আন্তর্জাতিক খেলাধুলায় তাদের বহুমুখী সক্ষমতা প্রমাণ করেছে।তবে ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপেই খেলার সুযোগ পাওয়া দেশের সংখ্যা আরও বাড়তে পারে। ফুটবল বিশ্বকাপের ৪৮টি দলের মধ্যে ৪২টি দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি ৬টি দলের চূড়ান্ত অংশগ্রহণ নির্ভর করছে প্লে-অফের লড়াইয়ের ওপর। এই প্লে-অফের লড়াইয়ে ইতালি, নর্দান আয়ারল্যান্ড ও জ্যামাইকার মতো দেশগুলো রয়েছে।

ইতালি এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। আয়ারল্যান্ডও রয়েছে ক্রিকেট বিশ্বকাপে। জ্যামাইকা সরাসরি ক্রিকেট বিশ্বকাপে না থাকলেও, তাদের প্রতিনিধি হয়ে ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এই প্লে-অফের ফল চূড়ান্ত হলে ক্রিকেট ও ফুটবল—দুই বিশ্বকাপেই খেলা দেশের সংখ্যা ৯টির বেশি হওয়ার সুযোগ নেই বলে খেলাধুলা বিশেষজ্ঞরা মনে করছেন।