সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ধোনির শেষ আইপিএল? যে ইঙ্গিত দিলেন উথাপ্পা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:৪১ এএম

ধোনির শেষ আইপিএল? যে ইঙ্গিত দিলেন উথাপ্পা

আইপিএল ২০২৬ মৌসুমের পর মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে—এমনটাই মনে করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সাবেক ব্যাটার রবিন উথাপ্পা। তাঁর মতে, ৪৪ বছর বয়সী এই কিংবদন্তির ভবিষ্যৎ নিয়ে জল্পনার আর কোনো অবকাশ নেই; আসন্ন মৌসুমটিই হতে যাচ্ছে ধোনির শেষ আইপিএল।

জিওহটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে উথাপ্পা বলেন, ‘লেখাটা এখন স্পষ্টভাবেই দেয়ালে লেখা। এটাই এমএস ধোনির শেষ মৌসুম। তিনি আর খেলবেন কি না, এই প্রশ্নের আর জায়গা নেই।

উথাপ্পার মতে, সিএসকে-র সাম্প্রতিক দলগঠন কৌশলও ধোনির বিদায়ের ইঙ্গিত দিচ্ছে। অভিজ্ঞ তারকাদের বদলে ফ্র্যাঞ্চাইজিটি এখন তরুণদের ওপর বড় অঙ্কের বিনিয়োগ করছে।

আইপিএল ২০২৬ মিনি-নিলামে সিএসকে ১৯ বছর বয়সী প্রশান্ত বীর এবং ২০ বছর বয়সী কার্তিক শর্মাকে ১৪.২ কোটি রুপি করে কিনেছে, যা ধোনি পরবর্তী যুগের প্রস্তুতিরই অংশ বলে মনে করা হচ্ছে।উথাপ্পা বিশ্বাস করেন, ধোনি এখন ধীরে ধীরে খেলোয়াড় থেকে মেন্টরের ভূমিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন:তারা (সিএসকে) এখন প্রতিভা খুঁজছে এবং দীর্ঘমেয়াদে ধরে রাখার চেষ্টা করছে। ধোনি না খেললেও তিনি সিএসকের সঙ্গেই থাকবেন। আমার মনে হয় এ মৌসুমে তিনি মেন্টর-কাম-খেলোয়াড় হিসেবেই কাজ করবেন।

গত পাঁচ মৌসুম ধরেই ধোনির অবসর নিয়ে নানা আলোচনা চলছে। ২০২৩ সালে শিরোপা জেতানোর পরই তাঁর বিদায় প্রত্যাশিত ছিল, কিন্তু ভক্তদের ভালোবাসা এবং একটি নিখুঁত বিদায়ের অপেক্ষায় তিনি মাঠে থেকে গেছেন।আইপিএল ২০২৫ মৌসুমেও তিনি উইকেটকিপার ও লোয়ার-অর্ডার ব্যাটার হিসেবে দলের হাল ধরেছিলেন। তবে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসন দলে যোগ দেওয়ায় এবং রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্ব পাকাপোক্ত হওয়ায়, ২০২৬ মৌসুমটিই ধোনির শেষ অধ্যায় হতে পারে বলে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন।