ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:৪১ পিএম
আগামী ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে বেশ বড়সড় চমক রেখেই নিজেদের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই।
ঘোষিত এই দল থেকে বাদ পড়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার শুভমান গিল। এছাড়া উইকেটরক্ষক হিসেবে জিতেশ শর্মাকেও বিবেচনার বাইরে রাখা হয়েছে।
তাদের পরিবর্তে ফিনিশার হিসেবে খ্যাত রিঙ্কু সিং এবং মারকুটে ওপেনার ঈশান কিষাণকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে যা নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনা চলছে।
দল ঘোষণার পর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভারতের সেরা একাদশ কেমন হবে। প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে দলটিতে তরুণ ও অভিজ্ঞদের এক দারুণ সমন্বয় দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকেই অধিকাংশ খেলোয়াড় একাদশে সুযোগ পাবেন। ওপেনিংয়ে অভিষেক শর্মার সাথে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে। মিডল অর্ডারে দলের হাল ধরবেন তিলক বর্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। অলরাউন্ডার কোটায় হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে থাকছেন নিশ্চিতভাবেই।
তবে আট নম্বর পজিশনটি নিয়ে এখনো কিছুটা জল্পনা রয়েছে যে সেখানে অতিরিক্ত ব্যাটার হিসেবে রিঙ্কু সিং নাকি কোনো স্পিন অলরাউন্ডার খেলানো হবে।বোলিং বিভাগে ভারতের মূল ভরসা হিসেবে থাকছেন তারকা পেসার যশপ্রীত বুমরাহ এবং অর্শদ্বীপ সিং। স্পিন আক্রমণে বরুণ চক্রবর্তীর সাথে অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে।
ভারতের এই সম্ভাব্য একাদশে ব্যাটিং গভীরতা অনেক বেশি কারণ প্রথম সাতজনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কোচ গৌতম গম্ভীর আক্রমণাত্মক ক্রিকেটে বিশ্বাসী হওয়ায় একাদশে একাধিক পাওয়ার হিটারকে রাখা হচ্ছে। ঘরের মাঠে খেলা হওয়ায় ভারতের এই দলটিকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল মঞ্চে টিম ইন্ডিয়া কোন রণকৌশল নিয়ে মাঠে নামে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন