সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের ম্যাজিক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:৫৪ পিএম

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের ম্যাজিক

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নামা এই বাঁহাতি পেসার সোমবার গালফ জায়ান্টসের বিপক্ষে এক অতিমানবীয় ওভার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।

মাত্র এক ওভারের ব্যবধানে তিন উইকেট শিকার করে তিনি প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে ম্যাচসেরার পুরস্কার জিতে নিলেন।

তার এই দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ভর করে গালফ জায়ান্টসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে দুবাই ক্যাপিটালস। ম্যাচে মোস্তাফিজের বোলিং পরিসংখ্যান ছিল ৩.৫ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে গালফ জায়ান্টস। শুরুটা তাদের বেশ ভালোই ছিল এবং ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল তারা। তবে ১৪তম ওভারে বোলিংয়ে এসে সব হিসাব-নিকাশ পাল্টে দেন মোস্তাফিজ। ওভারের প্রথম বলেই তিনি সাজঘরে ফেরত পাঠান বিপজ্জনক ব্যাটার জেমস ভিন্সকে। এরপর দুই বল বিরতি দিয়ে আজমাতউল্লাহ ওমারজাইকে বোল্ড করে উৎসব শুরু করেন। পরের বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে এবারশন ডিকসনকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন তিনি।

যদিও মার্ক অ্যাডায়ার হ্যাটট্রিক বলটি রুখে দিলেও মোস্তাফিজের সেই এক ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় জায়ান্টসরা।মোস্তাফিজের করা ওই ধ্বংসাত্মক ওভারের পর গালফ জায়ান্টস আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই ১৫৬ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় মোস্তাফিজের দল।

উল্লেখ্য যে টুর্নামেন্টের শুরু থেকেই ফিজ দুর্দান্ত ছন্দে রয়েছেন। এর আগের ম্যাচেও এমআই এমিরেটসের বিপক্ষে এক ওভারে মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। বর্তমানে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে লিগের সর্বোচ্চ উইকেটশিকারির দৌড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের এই ‘কাটার মাস্টার’। তার সতীর্থ ওয়াকার সালামখিল ১৫ উইকেট নিয়ে শীর্ষস্থান দখল করে আছেন। মোস্তাফিজের এমন ধারাবাহিক পারফরম্যান্সে উচ্ছ্বসিত তার ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকরা।