রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতীয় বোলারকে পেছনে ফেলে ১ নম্বরে অজি পেসার সাদারল্যান্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৬:৪৫ পিএম

ভারতীয় বোলারকে পেছনে ফেলে ১ নম্বরে অজি পেসার সাদারল্যান্ড

আইসিসি আজ নারীদের সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং প্রকাশ করেছে যেখানে বোলিং বিভাগে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের আধিপত্য ভেঙে ভারতের স্পিনার দিপ্তি শর্মাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার গতিশীল পেসার অ্যানাবেল সাদারল্যান্ড।

বর্তমানে সাদারল্যান্ডের রেটিং পয়েন্ট ৭৩৬ যা তাকে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলারের মর্যাদা দিয়েছে। এর আগে গত আগস্টে দিপ্তি শর্মা একই রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছিলেন তবে নতুন তালিকায় তিনি তার অবস্থান হারিয়েছেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও ভারতীয় শিবিরের জন্য সুখবর রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ৪৩ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে অধিনায়ক হারমনপ্রিত কৌর দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন।

অন্যদিকে লঙ্কান ওপেনার হাসিনি পেরেরা ভারতের বিপক্ষে একই ম্যাচে ৬৫ রানের কার্যকর ইনিংস খেলে ৩১ ধাপ উন্নতি করেছেন। বর্তমানে তার অবস্থান র‌্যাঙ্কিংয়ের ৪০তম স্থানে। ওই ম্যাচে নজরকাড়া ফিফটি করা তরুণ ক্রিকেটার ইমেশা দুলানি মাত্র ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেই ৭৭ ধাপ এগিয়েছেন এবং প্রথমবারের মতো শীর্ষ ১০০ ব্যাটারের তালিকায় ঢুকে পড়েছেন।

অলরাউন্ডার বিভাগে ভারতের দিপ্তি শর্মা ৩৮২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিজের অবস্থান ধরে রেখেছেন। এছাড়া ভারতের অরুন্ধুতি রেড্ডি দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২১ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। নারী ক্রিকেটের এই নতুন র‍্যাঙ্কিং বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার দাপট বজায় রাখার পাশাপাশি এশিয়ার ক্রিকেটারদের ক্রমবর্ধমান উন্নতির চিত্র তুলে ধরেছে।