রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৭:৩৮ পিএম

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে উপস্থাপনার প্যানেল থেকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে। বিপিএল কর্তৃপক্ষ এবারের আয়োজনে আন্তর্জাতিক উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে ব্যাপক নতুনত্ব আনলেও রিধিমার আসা হচ্ছে না।

ঢাকা পর্বে তার মাইক্রোফোন হাতে দায়িত্ব পালনের কথা ছিল কিন্তু বাংলাদেশে আসার আগেই তাকে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ক্রীড়া বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশ ও ভারতের বর্তমান ক্রিকেটীয় উত্তেজনা বড় ভূমিকা পালন করছে। গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাটি এই উত্তাপের মূলে রয়েছে।

মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে ইতিমধ্যে বিসিবি জানিয়েছে তারা ভারতে হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে না বরং ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। একই সাথে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেই রিধিমা পাঠককে বিপিএল থেকে বাদ দেওয়া হলো।

এবারের আসরে পাকিস্তানের জয়নব আব্বাস ড্যারেন গফ ওয়াকার ইউনিস ও রমিজ রাজার মতো কিংবদন্তিরা ধারাভাষ্য দিলেও ভারতীয় কোনো প্রতিনিধিকে রাখা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপোড়েন এখন খেলার মাঠ ছাড়িয়ে সম্প্রচার ও উপস্থাপনা প্যানেলেও সরাসরি প্রভাব ফেলছে। বিপিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও পারিপার্শ্বিক পরিস্থিতিই রিধিমার বাদ পড়ার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।