রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আইপিএল থেকে বাদ পড়ে এবার পিএসএলে মুস্তাফিজ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৯:৩৯ পিএম

আইপিএল থেকে বাদ পড়ে এবার পিএসএলে মুস্তাফিজ

আইপিএলে খেলার স্বপ্ন হোঁচট খেলেও বিশ্বমঞ্চে মুস্তাফিজুর রহমানের চাহিদা যে কমেনি, তার প্রমাণ মিলল হাতেনাতে। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বাদ পড়ার পরপরই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লেখালেন বাংলাদেশের এই ‘কাটার মাস্টার’।

পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একটি পোস্টে মুস্তাফিজের ছবি শেয়ার করে তারা লিখেছে— “ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে... এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান।

 আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে পিএসএলের একাদশ আসর। এবারই প্রথম আটটি দল নিয়ে বড় পরিসরে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট।

মুস্তাফিজ ঠিক কোন দলে খেলবেন তা এখনো চূড়ান্ত না হলেও প্লেয়ার্স ড্রাফটে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়বে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছিলেন তিনি। দীর্ঘ সাত বছর পর আবারও পাকিস্তানের লিগে ফিরছেন এই বাঁহাতি পেসার। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়।

আইপিএলের সেই বিতর্কিত সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই পিএসএলে মুস্তাফিজের অন্তর্ভুক্তি ভক্তদের মনে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। ডেথ ওভারে মুস্তাফিজের কার্যকর বোলিং পিএসএলের আবেদন আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।