জানুয়ারি ১০, ২০২৬, ১০:৪৪ এএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিংকে অধিনায়ক এবং লরকান টাকারকে সহ-অধিনায়ক করে ঘোষিত এই দলে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ এক মিশেল ঘটানো হয়েছে।
তবে এবারের স্কোয়াডে আইরিশদের সবচেয়ে বড় চমক হলো দুই ভাই—হ্যারি টেক্টর ও টিম টেক্টরের অন্তর্ভুক্তি।
ঘোষিত দলের ১২ জন ক্রিকেটারই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। নতুন সংযোজন হিসেবে দলে জায়গা করে নিয়েছেন তিনজন—টিম টেক্টর, বেন ক্যালিৎজ ও ম্যাথু হামফ্রিজ।
মূলত ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই এই তরুণদের সুযোগ দেওয়া হয়েছে।গত বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে চায় আয়ারল্যান্ড। দলের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, “আমরা বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ২০২২ সালে আমরা ভালো একটি টুর্নামেন্ট কাটিয়েছিলাম, কিন্তু সবশেষ বিশ্বকাপটা ভালো যায়নি। তখন থেকেই আমরা নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করছি। আমাদের প্রস্তুতি ভালো, ছেলেরা এবার কোনো ভয় ছাড়াই মাঠে নামবে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে লড়বে আয়ারল্যান্ড। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক শ্রীলঙ্কা, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আইরিশরা। গ্রুপ পর্বের তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিৎজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার (সহ-অধিনায়ক), বেন হোয়াইট ও ক্রেগ ইয়াং।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন