জানুয়ারি ১০, ২০২৬, ০৪:২৩ পিএম
গত কয়েক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত মুখ হয়ে ওঠা মুস্তাফিজুর রহমানের জন্য এবারের আসরটি হতে পারত বিশেষ কিছু। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে মাঠ মাতানোর কথা ছিল তার।
তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান রাজনৈতিক টানাপোড়েন এবং উদ্ভূত বাস্তবতায় ২০২৬ আইপিএল খেলা হচ্ছে না ‘কাটার মাস্টার’ খ্যাত এই বোলারের।
বড় অঙ্কে দল পেয়েও শেষ মুহূর্তে আইপিএল থেকে ছিটকে পড়ায় মুস্তাফিজের জন্য ব্যথিত সতীর্থ ও ক্রিকেট সংশ্লিষ্টরা। বর্তমানে বিপিএল খেলতে বাংলাদেশে থাকা ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও ফিজের এই বিয়োগান্তক ঘটনায় সমবেদনা জানিয়েছেন।
মুস্তাফিজের আইপিএল মিস প্রসঙ্গে মঈন আলী বলেন, আমি মুস্তাফিজের জন্য ব্যথিত। আমি মনে করি সবাই তার জন্য খারাপ বোধ করছে। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। মানুষ হিসেবে মুস্তাফিজ দারুণ একজন। অনেকদিন পর সে একটা বড় ডিল পেয়েছিল, কিন্তু যা হয়েছে তা সত্যিই দুর্ভাগ্যজনক।বর্তমানে বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন মঈন। বিপিএলের উইকেট এবং বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে চলা বিতর্কের জবাবও দিয়েছেন তিনি।
মঈন জানান, তিনি নিয়মিতই পারিশ্রমিক পাচ্ছেন। হাস্যচ্ছলে তিনি বলেন, “যদি টাকা না পেতাম, তবে কি আর আমি এখানে থাকতাম?সিলেটের উইকেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে এই অলরাউন্ডার জানান, এবারের উইকেট ব্যাটারদের জন্য বেশ ইতিবাচক এবং প্রচুর রান হচ্ছে। সেই সঙ্গে সিলেটের মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে বারবার বাংলাদেশে ফেরার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন