জানুয়ারি ১১, ২০২৬, ১০:৩৫ এএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আইসিসি-কে দেওয়া দ্বিতীয় চিঠির জবাব কবে নাগাদ আসতে পারে, সে বিষয়ে নতুন তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে এখনো অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি সভাপতি জানান, আইসিসির কাছে প্রয়োজনীয় সকল তথ্য ও লিঙ্কসহ বিস্তারিত মেইল পাঠানো হয়েছে। তবে দুবাইয়ে সাপ্তাহিক ছুটির কারণে আইসিসি এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
বুলবুলের ধারণা অনুযায়ী, সহজ অঙ্ক হিসাব করলে আজ (রবিবার) তো দুবাই বন্ধ। তাই হয়তো সোম বা মঙ্গলবারের দিকে আইসিসি থেকে পেশাদার কোনো জবাব পাওয়া যেতে পারে।
সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, কলকাতার পরিবর্তে ভারতের অন্য কোনো শহরে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হতে পারে। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি অত্যন্ত দৃঢ়ভাবে জানান, ভারতের অন্য ভেন্যুগুলোও তো ভারতেরই অংশ। ভেন্যু পরিবর্তনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বিসিবির কাছে আসেনি। তবে আমাদের আপত্তি অত্যন্ত স্পষ্ট এবং আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি।বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছেন যে, ভেন্যু স্থানান্তরের বিষয়ে আইসিসি থেকে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিকল্প কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের যে অবনতি ঘটেছে, তার প্রভাব বিশ্বকাপের এই অবস্থানে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে।বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন পর্যন্ত এ বিষয়ে রহস্যজনক নীরবতা পালন করছে। বিসিসিআই সচিব আগেই জানিয়েছেন যে, বিষয়টি সম্পূর্ণ আইসিসির এখতিয়ার। ফলে এখন সবার নজর আগামী সোম ও মঙ্গলবার আইসিসি থেকে আসা সম্ভাব্য বার্তার দিকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন