জানুয়ারি ১৩, ২০২৬, ১১:২১ এএম
ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (১২ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং পরে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে পাঠানো এই ই-মেইল বার্তায় বাংলাদেশ দল ও সমর্থকদের জন্য তিনটি বিশেষ ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
আইসিসির ঝুঁকি মূল্যায়নে (Risk Assessment Summary) বলা হয়েছে, সাধারণত অন্যান্য দলের জন্য ঝুঁকির মাত্রা ‘মডারেট’ বা মাঝারি হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা ‘মডারেট টু হাই’ বা মাঝারি থেকে উচ্চ।
বিশেষ করে ধর্মীয় উগ্রপন্থার প্রেক্ষাপট জড়িয়ে গেলে দলের তারকা বোলার মুস্তাফিজুর রহমানের উপস্থিতি বাড়তি ঝুঁকির কারণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
চিঠির মূল পয়েন্টগুলো একনজরে:
মুস্তাফিজ ইস্যু ধর্মীয় উগ্রপন্থার বিষয় জড়িত হলে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিয়ে বিশেষ ঝুঁকি তৈরি হতে পারে।সমর্থকদের নিরাপত্তা খেলোয়াড়দের চেয়ে সমর্থকদের ঝুঁকি বেশি। যারা বাংলাদেশের জার্সি পরে বা ছোট ছোট দলে স্টেডিয়ামে যাবেন, তারা সহিংসতার শিকার হওয়ার মাঝারি থেকে উচ্চ আশঙ্কায় রয়েছেন।রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন পুরো অঞ্চলের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে।
ভেন্যু ভিত্তিক ঝুঁকি: কলকাতা ও মুম্বাইয়ে খেলা চলাকালে বড় সহিংসতার আশঙ্কা কম থাকলেও সাম্প্রদায়িক দাঙ্গা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
বিসিবি এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে, এই চিঠিটি মূলত আইসিসির পক্ষ থেকে একটি নিয়মিত নিরাপত্তা পর্যালোচনা। তবে বিসিবি ইতোমধ্যেই ভারতের নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। বিসিবি জানিয়েছে, ভেন্যু পরিবর্তনের ওই আনুষ্ঠানিক অনুরোধের জবাব আইসিসি এখনো দেয়নি। বর্তমানে দুই দেশের বোর্ড এবং স্বাধীন নিরাপত্তা ব্যবস্থাপকরা এই পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন