সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে না গেলে বাদ পড়বে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ০৭:১৮ পিএম

ভারতে না গেলে বাদ পড়বে বাংলাদেশ

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে মাত্র এক দিন বা ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

বুধবার অনুষ্ঠিত আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশ যদি নির্ধারিত সময়ের মধ্যে ভারতে গিয়ে খেলার নিশ্চয়তা না দেয়, তবে টুর্নামেন্ট থেকে তাদের বাদ দিয়ে বিকল্প কোনো দলকে অন্তর্ভুক্ত করা হবে। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে যে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে গ্রুপ ‍‍`সি‍‍`-তে নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। 

বিসিবি এর আগে সাফ জানিয়ে দিয়েছিল যে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার আবেদন করেছিল। তবে আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে সন্তোষজনক বলে অভিহিত করেছে। বুধবারের সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অবস্থান তুলে ধরলেও পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের সমর্থন মেলেনি। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিসিবি এখন বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে তাদের চূড়ান্ত অবস্থান আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে আইসিসিকে অবহিত করবে। আইসিসি স্পষ্ট করেছে যে ঘোষিত সময়সূচি অনুযায়ী টুর্নামেন্ট ভারতেই অনুষ্ঠিত হবে এবং কোনো দলের জন্য ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। এখন পুরো ক্রিকেট বিশ্বের নজর মিরপুরের বিসিবি কার্যালয়ের দিকে যে তারা কি শেষ পর্যন্ত বিশ্বকাপের মতো বড় আসর বয়কট করবে নাকি সরকারের সবুজ সংকেত নিয়ে ভারত সফরে রাজি হবে।