জানুয়ারি ২১, ২০২৬, ১০:৫২ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রুদ্ধশ্বাস ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নাজমুল হাসান শান্তর দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কেইন উইলিয়ামসন এবং ৩২ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। শেষ দিকে জিমি নিশামের ২৬ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস রাজশাহীকে লড়াকু পুঁজি এনে দেয়। সিলেটের হয়ে সালমান ইরশাদ ৩টি এবং মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ ২টি করে উইকেট শিকার করেন।
১৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট টাইটান্স। দলীয় মাত্র ৭ রানেই ওপেনার জাকির হাসান এবং আরিফুল ইসলামের উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
তবে তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন এবং স্যাম বিলিংস জুটি বেঁধে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ইমন ৪৮ রান করে আউট হওয়ার পর বিলিংসও ৩৭ রানে সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব ২১ রান করলেও অন্য ব্যাটাররা দ্রুত বিদায় নিলে জয়ের সমীকরণ কঠিন হয়ে পড়ে সিলেটের জন্য। শেষ দিকে ক্রিস ওকস চেষ্টা করলেও রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানেই থেমে যায় সিলেটের ইনিংস।রাজশাহীর জয়ের নায়ক ছিলেন লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো।
তিনি মাত্র ১৯ রান খরচ করে একাই তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া মোহাম্মদ রুবেল, আবদুল গাফফার সাকলাইন এবং তানজিম সাকিব একটি করে উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন। দুর্দান্ত বোলিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন বিনুরা ফার্নান্দো। এই হারের ফলে আসর থেকে বিদায় নিতে হলো সিলেট টাইটান্সকে। অন্যদিকে দুর্দান্ত এই জয়ে শিরোপা লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল রাজশাহী। আগামী শুক্রবার টুর্নামেন্টের মেগা ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা জয়ের লড়াইয়ে মুখিয়ে আছে উত্তরবঙ্গের এই দলটি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন