জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৩৪ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ আসরের পর্দা নামলো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে এবারের আসরে ব্যাটে-বলে বিশেষ চমক দেখিয়েছেন তরুণ তুর্কিরা। বিশেষ করে বল হাতে চট্টগ্রামের শরিফুল ইসলাম ভেঙে দিয়েছেন বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
অন্যদিকে ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রেখে শীর্ষস্থান দখল করেছেন সিলেটের পারভেজ হোসেন ইমন।ব্যাটিংয়ে রাজত্ব পারভেজ ইমনের এবারের আসরে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সিলেট টাইটান্সের ওপেনার পারভেজ হোসেন ইমন।
১২ ম্যাচে ৩৯৫ রান করে তিনি শীর্ষ ব্যাটারের মুকুট পরেছেন। তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ৬৫ রানের। ইমনের পরেই আছেন রংপুর রাইডার্সের তাওহীদ হৃদয়। ১১ ম্যাচে ৩৮২ রান করা হৃদয়ের ঝুলিতে রয়েছে একটি নান্দনিক সেঞ্চুরি (১০৯)।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ফাইনালের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। ১৩ ম্যাচে তার সংগ্রহ ৩৫৬ রান। এছাড়া রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৫৫ রান নিয়ে চতুর্থ এবং রংপুরের ডেভিড মালান ৩০০ রান নিয়ে সেরা পাঁচের তালিকায় রয়েছেন।শরিফুলের নতুন বোলিং রেকর্ড বোলিং বিভাগে এবারের বিপিএল সাক্ষী হয়েছে এক নতুন ইতিহাসের। চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১২ ম্যাচে শিকার করেছেন ২৬টি উইকেট।
যা বিপিএলের এক আসরে কোনো বোলারের সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড। তিনি ভেঙে দিয়েছেন গত আসরে তাসকিনের গড়া ২৫ উইকেটের রেকর্ড। ৯ রানে ৫ উইকেট শিকার ছিল আসরে তার সেরা স্পেল। দ্বিতীয় স্থানে রয়েছেন নাসুম আহমেদ, ১২ ম্যাচে তার শিকার ১৮ উইকেট।
বোলিংয়ের শীর্ষ পাঁচ তালিকা:
শরিফুল ইসলাম: ২৬ উইকেট (১২ ম্যাচ)
নাসুম আহমেদ: ১৮ উইকেট (১২ ম্যাচ)
রিপন মন্ডল: ১৭ উইকেট (৮ ম্যাচ)
হাসান মাহমুদ: ১৬ উইকেট (১০ ম্যাচ)
বিনুরা ফার্নান্ডো: ১৬ উইকেট (১১ ম্যাচ)
এছাড়া মোস্তাফিজুর রহমান ১০ ম্যাচে ১৬ উইকেট এবং চট্টগ্রামের দুই তারকা মেহেদী হাসান ও আমির জামাল প্রত্যেকে ১৫টি করে উইকেট নিয়ে আসরের সেরা পারফর্মারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। যদিও রাজশাহীর কেউ শীর্ষ ব্যাটার বা বোলার হতে পারেননি, তবে দলীয় পারফরম্যান্স ও ফাইনালে বিনুরা-তানজিদদের জ্বলে ওঠাই তাদের দ্বিতীয় শিরোপা এনে দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন